ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি:
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিডফোর্ড হাসপাতাল) সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় পাবিপ্রবি’র ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম বলেন,
“২০১২ সালে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মতোই এবার মিডফোর্ডে যুবদলের হাতে একজন নিরীহ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে শঙ্কার সৃষ্টি করেছে। আমরা অতীতে যেমন ফ্যাসিবাদ প্রতিরোধ করেছি, এবারও ছাত্রসমাজ রুখে দাঁড়াবে।”
ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন,
“২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংসতা আমরা ভুলিনি। কেউ যেন নব্য ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে বিষয়ে বাংলার ছাত্রসমাজ সজাগ রয়েছে। সোহাগ ভাইয়ের হত্যাকারীদের দলীয় পরিচয় নয়, দ্রুত বিচারই হোক মুখ্য বিষয়।
বিক্ষোভ মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য-আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না; আবার হলে শোষণ, শুরু হবে একশান, যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান, “লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে।
Leave a Reply