নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম সদর:
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এবার কুড়িগ্রাম জেলায় চালিয়েছে একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। ধারাবাহিকভাবে চলমান এই অভিযানে আজ ১১ জুলাই দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের প্রধান সড়ক, সরকারি অফিস প্রাঙ্গণ ও জনবহুল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন সংগঠনের সদস্যরা।
এই সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা রাস্তাঘাট থেকে পলিথিন, প্লাস্টিকের বোতল, কাগজসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন। পাশাপাশি সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা না ফেলতে অনুরোধ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ার গুরুত্ব তুলে ধরেন।
বিডি ক্লিন কুড়িগ্রাম জেলা টিমের সমন্বয়ক তারেক খান মজলিশ তারা বলেন, “একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই কুড়িগ্রাম হোক দেশের প্রথম পরিচ্ছন্ন জেলা। এই লক্ষ্যে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য কুড়িগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
এই উদ্যোগে স্থানীয় লোকজনও স্বতঃস্ফূর্তভাবে পাশে এসে দাঁড়ান। তারা স্বেচ্ছাসেবকদের উৎসাহ দেন ও ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিডি ক্লিন কুড়িগ্রাম জেলার এই প্রশংসনীয় কর্মসূচি শহরবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি নাগরিক দায়িত্ব পালনের আগ্রহও জাগ্রত হবে বলে মনে করছেন সচেতন মহল।
শেষে, জেলা সমন্বয়ক তারেক খান মজলিশ তারা কুড়িগ্রামকে পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply