জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) দুই শিক্ষক ও ছাত্র সংসদের নেতাদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জবি হিউম্যান রাইটস সোসাইটি। শুক্রবার (১১ জুলাই) সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংগঠনটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫ আগস্টের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং ছাত্ররাজনীতিতে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করার বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। রাজনৈতিক সহিংসতা রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অদক্ষতা ও অব্যবস্থাপনারও সুস্পষ্ট প্রমাণ মিলেছে।
সহিংসতায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বলা হয়, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে জরুরি উদ্যোগ নিতে হবে। বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সহিংসতামুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিণত করতে হবে।
এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ছাত্রদলের হামলার শিকার হয় ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ কে এম রিফাত হাসান, সহকারী প্রক্টর শফিকুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ ও মুখ্য সংগঠক ফেরদৌস শেখ।
এ ঘটনায় জবি প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা তদন্তের মাধ্যমে প্রতিবেদন দিলে আমরা সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবো।
###গ
Leave a Reply