কুড়িগ্রাম প্রতিনিধি:
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার (স্কুল ও কলেজ পর্যায়) চূড়ান্ত ফলাফলে জাতীয় পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি কলেজ। কলেজ পর্যায়ের ইংরেজি বিভাগ থেকে জাতীয় মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যৌথভাবে অর্জন করেছেন চারজন শিক্ষার্থী, যা জেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য মাইলফলক।
জাতীয় মেধাতালিকায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আব্দুল আউয়াল ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের খাদিজা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান, এবং তৃতীয় স্থান পেয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আলপনা আক্তার।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই চারজন জানান, তাদের এই অর্জন হঠাৎ করে আসেনি; এটি কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিয়মিত প্রস্তুতির ফল। তারা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুড়িগ্রাম সরকারি কলেজ ও ইংরেজি বিভাগের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও আত্মত্যাগকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
দ্বিতীয় স্থান অর্জনকারী খাদিজা আক্তার বলেন,
“এই সাফল্যের পর আমার লক্ষ্য প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা।”
সাফল্যে আনন্দ প্রকাশ করে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন,
“এই অর্জন কেবল কুড়িগ্রাম সরকারি কলেজের নয়, বরং পুরো কুড়িগ্রাম জেলার গর্ব। আমাদের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে—প্রতিভা ও পরিশ্রম থাকলে দেশের যেকোনো প্রান্ত থেকেই জাতীয় পর্যায়ে সফল হওয়া সম্ভব।”
তিনি আরও বলেন,
“শুধু শিক্ষক নিবন্ধন নয়, আমাদের শিক্ষার্থীরা বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্য অর্জন করছে। আমরা ছাত্র-শিক্ষকের সৌহার্দ্য বজায় রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করে একটি জাতীয় পর্যায়ের উদাহরণ তৈরি করতে চাই।”
Leave a Reply