মাজহারুল ইসলাম ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (৬ জুলাই) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদুল ইসলাম রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চাক্তাবাড়ী কান্দাপাড়া গ্রামের শহর আলীর পুত্র। তিনি চাক্তাবাড়ী বাজারে কীটনাশক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে বামনের চর গ্রামের গফুর বাদশার মেয়ে বানেছা খাতুনের (২১) সঙ্গে ফরিদুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগে ছিল।
রবিবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে ফরিদুল তার দোকান থেকে কীটনাশক এনে গোপনে পান করেন। এরপর তিনি বাড়িতে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ফরিদুলের স্ত্রী বানেছা খাতুন বলেন, ‘‘বিয়ের পর থেকেই আমাদের মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া, মারপিট লেগে আছে। আজও তেমনই ঝগড়ার একপর্যায়ে সে বিষপান করে।’’
ফরিদুলের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ‘‘আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। হঠাৎ ফোন পেয়ে জানতে পারি ফরিদুল বিষপান করেছে। দ্রুত এসে তাকে হাসপাতালে নিয়ে যাই।’’
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. অলোক কুমার জানান, ‘‘ফরিদুল অনেক বেশি পরিমাণ বিষ পান করেছিলেন। দেড় ঘণ্টা স্টোমাক ওয়াশ করার পর এখন কিছুটা স্বাভাবিক অবস্থায় আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও ২-৩ দিন সময় লাগবে।’’
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘‘এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
Leave a Reply