আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম (সদর) প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খারুয়ারপাড় গ্রামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে নিখোঁজ হয় শিশু কাইফা, যিনি ওই গ্রামের মাসুদ রানার কন্যা।
পরিবারের সদস্যরা জানান, সকাল ১০টার দিকে হঠাৎই কাইফা বাড়ি থেকে নিখোঁজ হয়। প্রথমে আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর এলাকায় মাইকিং করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হয়। তবে দুপুর গড়িয়ে গেলেও শিশুটির হদিস না মেলায় পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়।
নিখোঁজ হওয়ার সময় কাইফার পরনে ছিল হলুদ ফ্রক, এবং তার গায়ের রঙ ফর্সা। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদীর প্রবল স্রোতের কারণে স্থানীয়দের আশঙ্কা, শিশুটি নদীতে পড়ে ভেসে যেতে পারে।
ঘটনার পর ফায়ার সার্ভিসে জানানো হলে দ্রুত একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে অনুসন্ধান শুরু করে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, “শিশুটি যদি নদীতে পড়ে থাকে, তবে স্রোতের টানে সে ভাটির দিকে যেতে পারে।”
স্থানীয় একাধিক বাসিন্দাও দুধকুমারের স্রোতের ভয়াবহতা তুলে ধরে বলেন, “নদীর ধারে না গেলেও পানির টানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাইফার কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ তার খোঁজ পেলে নিচের ঠিকানায় বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply