নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কুড়িগ্রামের পথে এগিয়ে চলার সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের জন্ম হয়। স্থানীয় এক কৃষক নিজ হাতে কাঁঠাল তুলে এনে আপ্যায়ন করেন পথচলতি এনসিপি নেতাকর্মীদের।
বুধবার (২ জুলাই) দুপুরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পথসভা ও গণসংযোগে অংশ নিতে আসার পথে এ ঘটনা ঘটে। রাস্তাঘাটে ক্লান্ত নেতাকর্মীদের দেখে কুড়িগ্রামের এক প্রান্তিক কৃষক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা নেতাদের ডেকে নিজের বাগানের পাকা কাঁঠাল কেটে পরিবেশন করেন।
এই অপ্রত্যাশিত আপ্যায়নে আবেগাপ্লুত হয়ে পড়েন এনসিপি নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি গণমানুষের ভালোবাসা, আমাদের সংগ্রামের পাথেয়।”
দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতি যদি মানুষের হয়ে না দাঁড়ায়, তবে তার কোনও মূল্য নেই। সাধারণ মানুষের এই স্নেহই আমাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা।”
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসেছি, কিন্তু মানুষ আমাদের ভালোবেসে ফল খাইয়ে দিচ্ছে। এটা সাধারণ মানুষের সঙ্গে এনসিপির সম্পর্কের প্রতিচ্ছবি।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা ও পদযাত্রার প্রতিটি পর্যায়েই দলটি স্থানীয় মানুষের সরাসরি অংশগ্রহণ ও সমর্থন পাচ্ছে বলে জানান নেতারা।
Leave a Reply