অনলাইন ডেস্ক:
জীবনের অর্ধশত বছর ব্যয় করেছেন মানুষের শেষ গন্তব্য গড়ে তোলার কাজে। খুঁড়েছেন তিন হাজারের বেশি কবর, কখনো কোনো পারিশ্রমিক নেননি, বরং এই কাজকেই জীবনসাধনা হিসেবে গ্রহণ করেছিলেন। সেই ‘শেষ ঠিকানার কারিগর’ মো. মনু মিয়া (৬৭) আজ নিজেই পাড়ি জমালেন শেষ ঠিকানার পথে।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর।
মানবিকতার এক অনন্য প্রতীক
প্রায় ৪৯ বছর ধরে আশপাশের গ্রাম ও জেলার অসংখ্য মানুষের কবর খনন করেছেন মনু মিয়া। বিনা পারিশ্রমিকে তিনি ছুটে যেতেন মৃত্যু সংবাদ শুনলেই। এ কাজে সহযোগী হিসেবে দীর্ঘদিন ব্যবহার করেছেন নিজের পোষা ঘোড়াকে, যাকে কিনতে একসময় নিজ দোকান পর্যন্ত বিক্রি করেছিলেন।
স্থানীয় অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তদের হাতে প্রাণ হারায় তার প্রিয় ঘোড়াটি। এ ঘটনা মানসিকভাবে ভীষণ ভেঙে দেয় তাকে।
“আমি তাকে দেখতে গেলে বলেছিলাম, কেউ কেউ আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়। তিনি বলেছিলেন, ‘আমি এই কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না,’” জানান রোকন রেজা।
অপুরণীয় শূন্যতা
মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, “ঘোড়ার মৃত্যুর পর থেকেই তিনি আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো ছিলেন না। তার মৃত্যুতে আমরা হারালাম এক দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে— যার অভাব কোনোদিন পূরণ হবে না।”
স্থানীয়রা জানান, মনু মিয়া ছিলেন কেবল একজন কবর খননকারী নন, ছিলেন মানবিকতা ও নিঃস্বার্থ সেবার প্রতীক। তার মতো মানুষ সমাজে বিরল।
Leave a Reply