জবি প্রতিনিধি:
ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রদল সভাপতির বক্তব্যকে “ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর” বলে উল্লেখ করেন এবং এর প্রতিবাদ জানান।
শিবির সভাপতি লিখেন, “আপনার মন চাইলো অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও লেখেন, “একটি বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি—আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।”
আসাদুল ইসলাম বলেন, “আমি স্পষ্ট করে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবোত্তর ছাত্রসমাজ এই ঘৃণ্য বক্তব্য কখনোই মেনে নেবে না। দয়া করে একটি আদর্শিক সংগঠনকে এভাবে বিনাশ করার অপচেষ্টা করবেন না।”
এর আগে একই দিন বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বর্তমান জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির শিবির সংশ্লিষ্টতার প্রমাণ আমাদের কাছে রয়েছে। তারা ছাত্রলীগ করেছেন।”
তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এখন শিবির ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ভবিষ্যতে এমন হলে আমরা মেনে নেব না।”
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, “ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি সম্ভবত ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী। তার কিভাবে এখনো ছাত্রত্ব থাকে?”
Leave a Reply