জবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রশ্ন তুলেছেন, কীভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতির এখনো ছাত্রত্ব থাকে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। এত বছর পরও তিনি কীভাবে ছাত্রত্ব বজায় রাখেন? এটি দেশের একটি ‘গুপ্ত বাহিনী’র ছায়ায় পরিচালিত হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রশিবির বর্তমানে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসেবে কাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ও সেক্রেটারির অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ আমাদের কাছে আছে।
এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ কিছু সংগঠন ছাত্রলীগের পুনর্বাসনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”
ছাত্রদলের জবি আহ্বায়ক কমিটির ব্যাপারে তিনি বলেন, কমিটিতে যারা নিষ্ক্রিয় আছেন, তাদের তালিকা তৈরি করে ৫-৬ দিনের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রানিং (চলমান) শিক্ষার্থীদের দিয়েই প্রতিটি বিভাগে কমিটি গঠন করা হবে।”
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন জবি ছাত্রদল বহু গুম ও খুনের শিকার হয়েছে। অনেক নেতাকর্মী এখনো নিখোঁজ। তাদের খোঁজ আমরা এখনো পাইনি।
সঞ্চালনার বক্তব্যে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, যেসব ত্যাগী নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাননি, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, পরাগ হোসেনসহ অন্য নেতাকর্মীরা।
Leave a Reply