কুড়িগ্রাম প্রতিনিধি:
‘পয়স্তি-শিকস্তি’ আইনের মাধ্যমে প্রকৃত মালিকদের জমি খাস খতিয়ানে রেকর্ড করার অপচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আরিফুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ নাসির উদ্দিন।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কৃষকরা যেসব জমিতে বসবাস ও চাষাবাদ করে আসছেন, সেসব জমি কিছু প্রভাবশালী মহলের সহায়তায় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে ‘খাস’ হিসেবে রেকর্ড করার ষড়যন্ত্র চলছে। এটি চরম অনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে তারা মন্তব্য করেন।
বক্তব্য দেন সংগঠনের নেতা রিয়াজুল ইসলাম, ভোলা মিয়া, এরশাদুল হকসহ আরও অনেকে। তারা ‘পয়স্তি-শিকস্তি’ আইনের মাধ্যমে কৃষিজমি খাস খতিয়ানে রেকর্ড করার প্রক্রিয়া বন্ধের দাবি জানান।
রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের ভূমি অধিকার রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
Leave a Reply