নিজস্ব প্রতিবেদক, রৌমারী (কুড়িগ্রাম) |
কুড়িগ্রামের রৌমারীতে ৬ দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রৌমারী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ মোট ৬ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানান।
প্রধান দাবিগুলো হলো:
১. স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ১৪তম গ্রেড প্রদান
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
৩. মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৪. পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেডের সুযোগ
৫. মাঠপর্যায়ে কর্মরতদের জন্য যুগোপযোগী নিয়োগবিধি সংশোধন
৬. পূর্ব প্রতিশ্রুত সুযোগ-সুবিধাসমূহ দ্রুত বাস্তবায়ন
কর্মসূচিতে বক্তব্য রাখেন:
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রৌমারী শাখার সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ, সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুসরাত আমিন জাহিদ, স্বাস্থ্য সহকারী জহুরুল ইসলাম ও আমেনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন,
“স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে তারা অবহেলার শিকার। প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে যৌক্তিক দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
তারা আরও বলেন, যদি দ্রুত দাবি বাস্তবায়ন না হয়, তাহলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ অবস্থান কর্মসূচি শেষে একটি দাবি পত্র উপজেলা স্বাস্থ্য প্রশাসনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
Leave a Reply