রংপুর, ২৪ জুন:
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ায় তিন দিনের জন্য আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী থেকে আসা মহুবার রহমান নামের এক রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন রমেক হাসপাতালে। পরবর্তীতে ডায়ালাইসিস ও সার্জারির পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে টিটেনাস রোগ শনাক্ত হয় বলে জানান আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী।
তিনি বলেন, “টিটেনাস একটি সংক্রামক রোগ। তাই রোগীর সংস্পর্শে থাকা অন্যান্যদের ঝুঁকি এড়াতে পুরো আইসিইউ জীবাণুমুক্ত করা জরুরি। এজন্য তিন থেকে চার দিন আইসিইউ বন্ধ থাকবে।”
টিটেনাস শনাক্তের পর রোগী মহুবার রহমানকে আইসিইউ থেকে মেডিকেলের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আইসিইউতে থাকা ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আর ৩ জন ভেন্টিলেটরে থাকা রোগীকে বিকল্প ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে। জীবাণুমুক্ত করার জন্য আইসিইউ কেমিকেল দিয়ে পরিষ্কার করা হবে এবং তারপরই তা পুনরায় চালু করা হবে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সাংবাদিকদের জানান, “টিটেনাস শনাক্ত হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আইসিইউ পরিষ্কার-পরিচ্ছন্ন করে চালু করতে কিছুদিন সময় লাগবে।”
Leave a Reply