নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি ও চিকিৎসাসেবায় বিঘ্নের অবসান ঘটল কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্থাপন করা হলো আধুনিক হাইব্রিড সোলার সিস্টেম, যা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
রোববার (২২ জুন) দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সোলার সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার নবীরুল ইসলাম, অফিস সহকারী সোহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসা সেবায় ইসিজি, ওষুধ সংরক্ষণ, কম্পিউটার ব্যবহার, ফ্যান ও আলো—সবকিছুই নির্ভরশীল বিদ্যুতের ওপর। কিন্তু দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালের সেবা কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছিল। এতে করে রোগী ও স্বজনদের মাঝে বিরাজ করছিল চরম দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দা আপেল ও শাহআলম বলেন, “বিদ্যুৎ না থাকলে চিকিৎসা বন্ধ থাকত। জরুরি মুহূর্তে অনেক কষ্ট পেতে হতো। এখন হয়তো আর সেসব সমস্যায় পড়তে হবে না।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, “এই হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পাবো। বিশেষ করে প্রসূতি সেবা, রাতের জরুরি চিকিৎসা ও ওষুধ সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য সেবায় প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী সিদ্ধান্ত। এটি বিদ্যুৎ সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার ঝুঁকি কমাবে। এ ছাড়া দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট হলেও স্বাস্থ্যসেবা সচল থাকবে।
Leave a Reply