কুড়িগ্রাম (সদর) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া বেগম (৪০) এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদ হোসেনের স্ত্রী পারভীন বেগম (৫০)। তারা আপন বোন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ওইদিন রাতে দুই বোন আত্মীয়ের বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষে নিজ গন্তব্যে ফিরছিলেন। কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের দু’জনকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply