কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম শহর শাখার আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) সকাল ১০টায় শহর শাখার আমীর আব্দুস সবুর খানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা মো. মতিউর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, “দেশের জনগণ যেনতেন নির্বাচন নয়, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।”
তিনি বলেন, “ফ্যাসিবাদী প্রশাসনের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের আস্থায় ফিরতে হলে সবার আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার। তিনি বলেন, “জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, নারী-পুরুষ—সকলেই সমান অধিকার ভোগ করবে। কাউকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হবে না।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি মানবিক, নৈতিক ও কল্যাণরাষ্ট্র গঠনে বিশ্বাসী, যেখানে মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষিত থাকবে।”
অনুষ্ঠানে শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। আলোচনার শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি শেষ হয়।
Leave a Reply