কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দিদের জন্য মানবিক সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের ঈদের আনন্দে সামান্য হলেও ভাগ বসাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ৮ জুন থেকে ১০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বন্দিরা নিজেদের পছন্দমতো স্বজনদের বাসায় রান্না করা খাবার গ্রহণের সুযোগ পাচ্ছেন। স্বজন ও দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে কারা কর্তৃপক্ষ, এবং গরমে ক্লান্ত স্বজনদের জন্য সরবরাহ করা হচ্ছে সুপেয় পানি।
এই সময় বন্দিদের জন্য বাড়তি সুবিধা হিসেবে রাখা হয়েছে একবার নিজ বাড়িতে মোবাইল ফোনে ৫ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ। খাবারের তালিকায় রয়েছে মৌসুমি ফল লিচু ও কাঁঠাল, যা বন্দিদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে।
কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ জানান, “ঈদুল আজহায় আমরা বন্দিদের সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের চেষ্টা করছি। তারা বাসার রান্না করা খাবার ও মৌসুমি ফল পাচ্ছেন, পাশাপাশি স্বজনদের ফুল দিয়ে বরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাসা থেকে আনা খাবার আমরা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই বন্দিদের দিচ্ছি। এছাড়া নির্ধারিত সিডিউলের বাইরে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।”
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা কারাগারে বর্তমানে মোট ৩১০ জন বন্দি রয়েছে।
Leave a Reply