অনলাইন ডেস্ক:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত ২৮ দিনে বাংলাদেশে ১ হাজার ১৬৯ জনকে পুশ ইন করেছে। এ নিয়ে আজ বা আগামীকাল (বুধবার) ভারত সরকারকে আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
এখনো পুশ ইনের ঘটনা ঘটছে এবং শারীরিকভাবে এর মোকাবিলা করা সম্ভব না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আজ অথবা আগামীকাল আমরা তাদের একটা নতুন চিঠি দেব। আমরা একটা বস্তুনিষ্ঠ চিঠি দিচ্ছি।’
তিনি বলেন, পুশ ইন বন্ধে ভারতের সঙ্গে কনস্যুলার পদ্ধতির আওতায় (কনস্যুলার ডায়লগ) কাজ করতে চায় ঢাকা।
চিঠির ভাষা নরম হবে নাকি প্রতিবাদপত্রের মতো হবে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সেটি নির্ভর করছে বিষয়টি তারা কীভাবে দেখছে তার ওপর।
তিনি বলেন, পুশ ইন ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বাংলাদেশের। নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কিছু না ঘটুক, সে চেষ্টাই করছে ঢাকা। এই প্রেক্ষাপটে ভারতের দেওয়া একটি তালিকা থেকে যাচাই-বাছাই করে কিছু লোককে গ্রহণ করেছে বাংলাদেশ।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অবস্থান হলো—প্রতিটি অভিযোগ পৃথকভাবে যাচাই করে বাংলাদেশের নাগরিক বলে প্রমাণিত হলেই কেবল তাদের গ্রহণ করা হবে।
পুশ ইন ইস্যুর পাশাপাশি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।’
Leave a Reply