সরফরাজ আহমেদ সৌরভ, উলিপুর প্রতিনিধি:
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও ইতিহাসবহুল এলাকা ধামশ্রেণীর ঠাকুরবাড়ির শতবর্ষী সবুজ বনানী রক্ষায় প্রতিবাদে নেমেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’। গাছপালা কাটার পাঁয়তারা, বনভূমির অবমূল্যায়ন ও উন্নয়নের নামে ঐতিহাসিক ঐতিহ্য বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তর্গত ধামশ্রেণী গ্রামে অবস্থিত ঠাকুরবাড়ি ও এর আশপাশের বনানী একসময় বাহারবন্দ পরগণার প্রাণকেন্দ্র ছিল। এই অঞ্চল ঐতিহাসিকভাবে কোচ, মুঘল ও ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানেই রয়েছে শ্রী শ্রী কালী সিদ্ধেশ্বরী মন্দির, চণ্ডীমন্দির, দোলমঞ্চ, ভৈরব ও শিব মন্দিরসহ বহু পুরাকীর্তি ও শতবর্ষী বৃক্ষ।
এই এলাকাতেই রাণী সত্যবতীর ঐতিহাসিক কর্মকাণ্ড, এবং কাশিমবাজার এস্টেটের জমিদারদের অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অথচ সাম্প্রতিককালে উন্নয়নের নামে কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই সবুজ বনানী ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সদস্য ও সংগঠক সৌরভ বাবু বলেন, “এই বনায়ন ধ্বংসের চেষ্টা মানে শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, আমাদের ইতিহাস ও ঐতিহ্যকেও ধ্বংস করার নামান্তর। গ্রীন ভয়েস পরিবার কোনভাবেই এই ধ্বংস মেনে নেবে না। আমরা এই প্রতিবাদের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করছি। প্রয়োজনে পরবর্তী কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গ্রীন ভয়েস দাবি করেছে, দ্রুত এই এলাকা সংরক্ষিত ঐতিহ্যবাহী বনভূমি হিসেবে ঘোষণা করে আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
Leave a Reply