জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত ১৫ বছরে (২০০৯ সাল থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে ডেপুটি রেজিস্টার মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত একটি উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কারও কাছে ২০০৯ সাল থেকে আগস্ট ২০২৪ সাল পর্যন্ত সময়কালে জবির নিয়োগ বা পদোন্নতির ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের প্রমাণ থাকে, তবে তা আগামী ৩০ জুন ২০২৫ এর মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। অভিযোগপত্র সিলগালাকৃত খামে জমা দিতে হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত দেড় দশকে বিভিন্ন নিয়োগ ও পদোন্নতিকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক।
জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জুন ২০২৫, জমা দেয়ার স্থান: ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১), রেজিস্ট্রার অফিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Leave a Reply