কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সিজারের মাধ্যমে বাছুর প্রসবের পর অসুস্থ হয়ে পড়া একটি গাভিকে জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন পল্লী চিকিৎসক মো. আজিমনুর রহমান (৩ মাসের কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা) ,পল্লী চিকিৎসক মো. জসিম উদ্দিন (২ মাসের কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা), কসাই শাহ আলম ওরফে নাদু (১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা),গরুর মালিক সৌরভ কুমার পাল (৫,০০০ টাকা জরিমানা),মাংস পরিবহনে যুক্ত মোটরসাইকেল চালক নুর ইসলাম (মুচলেকা প্রদান)
উলিপুর উপজেলার তবকপুর এলাকার সৌরভ কুমার পালের একটি গাভি সোমবার বিকেলে প্রসব বেদনায় অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দুই পল্লী চিকিৎসক সিজারের মাধ্যমে বাছুর প্রসব করান। পরে গাভিটি আরও অসুস্থ হয়ে পড়লে পরদিন মঙ্গলবার সকালে সেটি জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হয়।
জবাই করা মাংস বস্তায় ভরে মোটরসাইকেলে করে বহন করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আটক করে প্রাণিসম্পদ কর্মকর্তা, পুলিশ ও প্রশাসনের কাছে হস্তান্তর করে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক বলেন, অসুস্থ গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় কসাইসহ দুই পল্লী পশু চিকিৎসককে এলাকাবাসী আটক করে প্রশাসনকে অবগত করে। পরে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পল্লী পশু চিকিৎসক ও একজন কসাইকে কারাদন্ড দেওয়া হয়েছে।
Leave a Reply