রাজিবপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই সহায়তার মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ব্যবহারে উৎসাহিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহি। তিনি বলেন,
“সরকারের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা। এই স্প্রে মেশিন বিতরণ তারই একটি অংশ।”
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির আমির আবুল বাশার আব্দুল লতিফ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন,
“আমাদের ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখে এডিপির আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা কৃষকদের পাশে থাকবো।”
অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপকরণ হাতে পেয়ে খুশি কৃষকরা সরকারের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
Leave a Reply