কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘একটি বিশেষ মহলের পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
সোমবার (১৯ মে) দুপুরে উলিপুর পৌর শহরের হাজী মার্কেটের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গবার মোড়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নুরেচ্ছেবাহ স্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, ও সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়, নির্যাতিত ও কারাবরণকারী ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে দলত্যাগী, নিষ্ক্রিয় এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বলেন, তারেক রহমানের নির্দেশনা অমান্য করে অস্বচ্ছ প্রক্রিয়ায় এ কমিটি গঠন করা হয়েছে।
সমাবেশে সদ্যঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন,
“ত্যাগীদের বঞ্চিত করে শিল্পপতিদের কাছে উলিপুর উপজেলা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিক্রি করা হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দিতে হবে।”
উল্লেখ্য, গত ১৪ মে উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পর মাত্র দুই দিনের মাথায় (১৬ মে) চারজন নেতাকর্মী পদত্যাগ করেন।
তারা অভিযোগ করেন, দলীয় আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় ও নির্যাতিতদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে নিষ্ক্রিয়দের দিয়ে কমিটি করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির নেতারা। তাদের দাবি, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলকভাবে কিছু নেতাকর্মী বিভ্রান্তিকর অভিযোগ করছেন।
Leave a Reply