মাজারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টিতে শতাধিক বিলের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে হতাশায় ভুগছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে জমির পাকা ও আধাপাকা ধান দীর্ঘ সময় পানির নিচে থাকায় তা পচে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে ঘুরে জানা গেছে, জিঞ্জিরাম নদের অববাহিকার লাঠিয়াল ডাঙ্গা কালাপানির বিল, বেকরিবিল, সীমান্তঘেঁষা আলগারচর দর্নির বিল এবং ডিসি সড়কের দু’পাশের খাল-বিলসহ শতাধিক বিল পানিতে তলিয়ে গেছে। এসব বিল বছরে মাত্র তিন মাস শুকনো থাকে এবং বছরে একবারই বোরো ধান চাষ করা হয়। কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় টানা বৃষ্টিতে বিলের ফসল তলিয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এসব বিলের ধানই তাদের সংসারের প্রধান ভরসা। কিন্তু এবার সব ধান পচে গেছে। সীমান্তবর্তী আলগারচর, খেওয়ার চর, হাওর এলাকার কৃষক রবিউল ইসলাম, লুৎফর রহমান, সাখাওয়াত হোসেন, লতিফ, আব্দুল আজী, বাবুল, মনজিল হোসেন, জালাল, আলী আহম্মেদ, ছাত্তার, কুদ্দুস, লিচু, নাছির, জলিল, মাহুবর, সামছুল, রহিমুদ্দিনসহ অনেকে জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবারই একইভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
কৃষকদের অভিযোগ, বছর পর বছর একই সমস্যার সম্মুখীন হলেও পানি নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা সরকারের কাছে ক্ষতিপূরণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ফলন ভালো হলেও পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সীমান্তঘেঁষা হাওর অঞ্চলে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে।
Leave a Reply