কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার বিজলের ঘন্টি বুড়াইল ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোনেস (৪৫) এবং কবির মামুদ গ্রামের নিবারণ চন্দ্র রায়ের ছেলে মোটরসাইকেল মেকানিক সঞ্জয় কুমার রায় (৪২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহআলী পরিবহনের একটি নাইটকোচ ঘটনাস্থলে পৌঁছালে রংপুর থেকে ফুলবাড়ীগামী বেলাল ও সঞ্জয় মোটরসাইকেলযোগে নিজ বাড়ির পথে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। তবে বাসের কোনো যাত্রী গুরুতর আহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার পর কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় কাউনিয়া থানায় পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Leave a Reply