কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাই ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় এই দুই সহোদর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা অভিযান চালালেও তাদের সন্ধান মেলেনি।
দুই দিন পর নিখোঁজের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে পালেরঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা তা উদ্ধার করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
Leave a Reply