অনলাইন ডেস্ক:
দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৩ মে থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, যা ২০ মে পর্যন্ত চলবে। এতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।
রোববার (১১ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. ওমর ফারুক। তিনি বলেন, “সোমবারও ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহ অব্যাহত থাকবে। ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকতে পারে। তবে সোমবার বিকেল থেকে দেশের উত্তরাঞ্চল ও ঢাকার আশপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে।”
আবহাওয়াবিদরা জানান, বৃষ্টিপাত শুরু হলে দেশে চলমান তাপপ্রবাহের তীব্রতা কমে যাবে, এবং স্বস্তি ফিরে আসবে জনজীবনে।
প্রসঙ্গত, গতকাল শনিবার দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের সর্বোচ্চ।
Leave a Reply