রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজেরচর এলাকার অন্তত ১০০ পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও কয়েকশ পরিবার, বিভিন্ন স্থাপনা, মসজিদ, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙনের তীব্রতা। বসতভিটা হারিয়ে অনেক পরিবার অন্যের জমিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছেন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরাবর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র ‘নামমাত্র জিও ব্যাগ’ ফেলে দায় সারছে।
ভাঙন কবলিত এলাকায় ৮ এপ্রিল পরিদর্শনে যান রংপুর পাউবো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব। পরে ১৮ এপ্রিল ঢাকা ডিজাইন সার্কেলের নির্বাহী প্রকৌশলী ফাইয়াজ জালাল উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন ও কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান পরিদর্শন করেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, পরিদর্শনের পরও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বসতভিটা হারিয়ে নিঃস্ব হওয়া শিল্পী খাতুন বলেন, “এক সপ্তাহ আগে আমার ঘর নদীতে বিলীন হয়ে গেছে। এখন অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। সব হারিয়ে আমি এখন পথে।”
নাজমা খাতুন বলেন, “বাবার বাড়িতে থাকতাম, সেটাও নদীতে চলে গেছে। আমি এখন অন্যের বাড়িতে, বাবা আবার দাদার বাড়িতে আশ্রয় নিয়েছেন।”
সাজেদা খাতুন জানান, “তিন দিন আগে আমার বসতভিটা ও আবাদি জমি সব নদীতে চলে গেছে। আমরা এখন নিঃস্ব।”
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা দ্রুত ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “জিও ব্যাগ ও বান্ডালের টেন্ডার বাতিল করা হয়েছে। অর্থ সংকটের কারণে অর্থ মন্ত্রণালয় এসব টেন্ডার বাতিল করেছে।”
Leave a Reply