কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন।
শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ শিশু দুটি বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, ইমরান ও ইব্রাহিম তাদের নানা ইসলাম আলীর বাড়িতে থাকত। ঘটনার সময় তারা তাদের সহপাঠী রাফি ইসলাম (১৩)–এর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসল শেষে রাফি তীরে উঠলেও দুই ভাই পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। তবে লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
Leave a Reply