কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে গ্রাম্য সালিশে এক নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় নিরপেক্ষ সূত্রগুলো জানায়, গত মঙ্গলবার (৬ মে) রাতে ওই গ্রামে স্থানীয় মাতব্বরদের নেতৃত্বে এক সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।
বিষয়টির সূত্রপাত এক নারীর সঙ্গে তার দেবরের শারীরিক সম্পর্কের একটি ভিডিওচিত্র সামাজিকভাবে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মাইদুল সালিশের আয়োজন করেন। সালিশে পাঁচ সদস্যের একটি জুড়ি বোর্ড গঠন করা হয়, যাদের মধ্যে ছিলেন সেকেন্দার আলী, শাহীন মিয়াসহ আরও কয়েকজন। অভিযোগ ‘প্রমাণিত’ হওয়ায় দেবরকে ২০ বেত্রাঘাত এবং ভাবিকে আর্থিক জরিমানা ও মাথার চুল কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা রাতেই কার্যকর করা হয়।
ভুক্তভোগী নারী বলেন, “আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে অন্যায়ভাবে চুল কেটে দিয়েছে। সমাজে আমাকে হেয় করা হয়েছে। আমি সঠিক বিচার চাই।”
ঘটনার পর সংবাদকর্মীরা এলাকায় গেলে অভিযুক্ত মাইদুল ও তার সহযোগীরা গা ঢাকা দেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। সালিশে চুল কেটে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ওই নারী এখনও থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি সহায়তা দেওয়া হবে।’
Leave a Reply