কুড়িগ্রাম সংবাদ ডেস্ক | ৮ মে ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুর রহমান অনিন্দ্যকে এক তরুণীসহ বাসায় আটকের ঘটনায় রাজশাহী ও কুড়িগ্রামে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার একটি বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করেন।
স্থানীয়দের দাবি, মাহাবুর রহমান এক নারীসহ সন্দেহজনক অবস্থায় ওই বাড়িতে ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে তাদের বিয়ে সম্পন্ন করেন। বিষয়টি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কালো পাঞ্জাবি ও টুপি পরা মাহাবুর রহমান স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন, তবে বেশিরভাগ প্রশ্নের জবাবে নীরব ছিলেন তিনি।
আটকের সময় তার পরিচয় জানতে চাইলে মাহাবুর জানান, তিনি কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং তার বাবার নাম হাসান আলী।
জানা গেছে, ওই নারী শারমীন আক্তার (২৩) রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। পরবর্তীতে তাদের বিয়ের কাবিননামাও সাংবাদিকদের হাতে পৌঁছেছে।
এ বিষয়ে মাহাবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে রাবির সাবেক এক ছাত্র দাবি করেন, শারমীন আক্তারের সঙ্গে মাহাবুরের বিয়ে দুই বছর আগেই সম্পন্ন হয়েছিল। দেনমোহর নিয়ে শ্বশুরপক্ষ অসন্তুষ্ট থাকায় পুনরায় বিয়ে করিয়ে দেন এবং দেনমোহরের পরিমাণ বাড়িয়ে নেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়েও নানা আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, মাহাবুর এর আগেও দুটি বিয়ে করেছেন। এমনকি ২০১০ সালেও তার বিরুদ্ধে নারী সংক্রান্ত বিতর্ক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
এ প্রসঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, “বিষয়টি শুনেছি, তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। মাহাবুর রহমানের সঙ্গে যোগাযোগ হয়নি। এটি তার ব্যক্তিগত বিষয়।”
Leave a Reply