ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্ৰাম ফর উইমেন), কুষ্টিয়া জোনের সৌজন্যে ‘লিডারশিপ অ্যান্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০১ নম্বর কক্ষে দুপুর ২ টা থেকে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে কুষ্টিয়া জোনের ক্যাপে’র সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির আহমেদ। এছাড়াও সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক সাব্বির আহমেদ বলেন, “নিজেকে না জানলে বিশ্বকে জানা সম্ভব নয়। তাই, সবার প্রথমে আমাদের নিজেকে জানতে হবে। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তাই নিজের ইউনিক বিষয়গুলো খুঁজে বের করতে হবে। আমরা যখন কোনো ঘর বানাই, তখন দরজা-জানালা দেওয়া হয় যেন আলো-বাতাস আসে। কিন্ত একজন মুসলিম, ধর্মভীরু কেউ চিন্তা করতে পারে, ঘরে জানালা দেওয়া হবে যাতে মসজিদের আজান শোনা যায়। মূল বিষয় একই থাকলেও উভয়ের চিন্তাভাবনা আলাদা। তাছাড়া , লিডারদের কাজ হলো ভালো-মন্দ সকল শ্রেণির মানুষকে সাথে নিয়ে চলা।”
প্রসঙ্গত, ‘ক্ষতির কারণ যদি লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়’ এই স্লোগানকে সামনে রেখে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে ক্যাপ কাজ করে থাকে। এই সংগঠনটি নিয়মিতভাবেই স্কুল, কলেজ ক্যাম্পাস ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন উঠান বৈঠকের করে থাকে। ক্যাপ বিশ্বাস করে,
“আমরা যদি হই সচেতন—
ক্যান্সার রুখতে কতক্ষণ?”
Leave a Reply