ফুলবাড়ি প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাঁধ সংলগ্ন চর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ মে) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানে ফুলবাড়ী থানার পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদান বিলম্বিত হওয়ায় ট্রাক্টরগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রটেকশন বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধের পর ট্রাক্টরগুলো ছেড়ে দেওয়া হবে বলেও তিনি জানান।
Leave a Reply