কুরিগ্রাম সংবাদ ডেস্ক | রাজনীতি
বাংলাদেশের তরুণদের উদ্যোগে আবারও নতুন একটি রাজনৈতিক প্লাটফর্ম যাত্রা শুরু করতে যাচ্ছে। ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (ইউপিবি/আপ বাংলাদেশ) নামের এই প্লাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আগামী ৯ মে (শুক্রবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে।
ইউপিবির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ এক ফেসবুক পোস্টে সোমবার (৫ মে) এই তথ্য জানান। তিনি লেখেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা।” উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া তরুণদের অনেকেই এই নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন।
জুনায়েদ আরও বলেন, “দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই।” তিনি জানান, ইউপিবি একটি রাজনৈতিক প্লাটফর্ম, কোনো দল নয়। তবে এটি ভবিষ্যতে জনসম্পৃক্ত রাজনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই প্লাটফর্ম ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন সামাজিক চুক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ফ্যাসিবাদ, ধর্মবিদ্বেষ, আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করবে বলেও জানানো হয়েছে।
নতুন এই প্লাটফর্মের পক্ষ থেকে ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে সবার অংশগ্রহণ কামনা করা হয়েছে।
Leave a Reply