অনলাইন ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরপেক্ষতার প্রশ্নে জোরাল বার্তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত “ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”–বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, “দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। আমি যতদিন আছি, এ অপবাদ নিয়ে মরতে চাই না।”
সিইসি আরও বলেন, “আমরা বিবেকের সায় নিয়ে, সঠিকভাবে আইনকানুন মেনে নির্বাচন পরিচালনা করছি। অতীতে যা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটিই আমাদের লক্ষ্য। আমাদের নির্বাচন কর্মকর্তারা সেই লক্ষ্যে শপথ নিয়েছেন এবং প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছেন।”
সভায় চার জেলার নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এতে সভাপতিত্ব করেন।
রাজনৈতিক বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “যেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলে, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা রাজনীতি থেকে সরে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছি। এজন্য অনেকের মন খারাপ হলেও আমরা নীতিগতভাবে নিরপেক্ষতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।”
নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রাজনৈতিকভাবে প্রভাবিত সুপারিশগুলো পরিহার করছি। বিশেষ কোনো দলের বিষয়ে সিদ্ধান্ত রাজনীতিকভাবেই হওয়া উচিত, এরপর আমরা সিদ্ধান্ত নেব।”
সিইসি জোর দিয়ে বলেন, “আমরা ব্যক্তিগতভাবে কাউকে খুশি করার জন্য কাজ করছি না। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সদস্যরা যৌথভাবে নিয়ে থাকেন। দক্ষ প্রশাসনের সমন্বয়ে আমরা কাজ করছি এবং করব। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান ছিল, আছে এবং থাকবে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ইশরাক হোসেনের শপথ না নেওয়া নিয়ে প্রশ্নে তিনি বলেন, “এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। কমিশনের গেজেট প্রকাশের পর তাদের কাজ শপথ গ্রহণ করানো।”
Leave a Reply