কুড়িগ্রাম প্রতিনিধি:
আলু বীজের উৎপাদন ব্যয় বাড়লেও ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কুড়িগ্রামের চুক্তিভিত্তিক বীজ আলু চাষিরা। এ পরিস্থিতি থেকে রেহাই পেতে রোববার (৪ মে) কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা। পরে বিএডিসি কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন চাষিরা।
সংবাদ সম্মেলনে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. কামরুজ্জামান জানান, গত এক দশক ধরে বিএডিসির আওতায় বীজ আলু সরবরাহ করে আসছেন তারা। তিনি বলেন, “গত বছর গ্রেডভেদে প্রতি কেজি বীজ আলুর মূল্য ছিল ৪৫-৪৬ টাকা, আর বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৩-৩৫ টাকা। কিন্তু চলতি বছর ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫৮-৭২ টাকা কেজি। অন্যদিকে, উৎপাদন খরচও প্রতি কেজিতে প্রায় ৩০ টাকা ছাড়িয়ে গেছে।”
তিনি আরও বলেন, “সব আলুই বীজ হিসেবে গ্রহণ করা হয় না। অনেক আলু বাদ পড়ে। এর পাশাপাশি, বীজ আলু একরে খাওয়া আলুর তুলনায় প্রায় ৯০ মণ কম উৎপন্ন হয়। এ বছর গ্রেডভেদে প্রতিকেজি ২৬-২৮ টাকা মূল্যে বীজ আলু কেনার সিদ্ধান্ত চাষিদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”
চাষিরা দাবি করেন, এই দামে বীজ সরবরাহ করলে তাদের পক্ষে উৎপাদন খরচও উঠে আসবে না। ফলে বিএডিসির কাছে প্রতিকেজি বীজ আলুর মূল্য ৪০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. আব্দর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক চাষি।
Leave a Reply