সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হেনস্তার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার পশ্চিম চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাটগ্রাম পৌরসভার বিভিন্ন সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন ইউএনও জিল্লুর রহমান। অভিযান চলাকালীন কয়েকজন ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে ইউএনও’র সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ইউএনও বারবার ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে ওঠে। এক ব্যক্তি তাকে পেটে ধাক্কা দেয়, অন্যরা মারমুখী আচরণ করে, এতে পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসন ওই স্থান থেকে সরে আসে।
ঘটনার বিষয়ে ইউএনও জিল্লুর রহমান জানান, “অভিযানকালে বেশিরভাগ ব্যবসায়ী মালামাল সরিয়ে নিলেও কয়েকজন বাধা প্রদান করে ও অশোভন আচরণ করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ভিডিও দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান বলেন, “সরকারি কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনিক উদ্যোগে বাধা প্রদানের ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
Leave a Reply