কুড়িগ্রাম প্রতিনিধি:
‘কলিজা ছিঁড়ে ফেলার’ হুমকির অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আনিছুর রহমানের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়া (২৬)।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজারহাট থানায় তিনি এই জিডির আবেদন করেন, যা পরবর্তীতে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ডভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন।
ভুক্তভোগী রুবেল মিয়া রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামের আবদুল মজিদ ওরফে বাচ্চুর ছেলে। তার অভিযোগ, সম্প্রতি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চতলার কুঁড়া ও নাখেন্দা বিলে মাছ চাষের উন্মুক্ত ডাকের সময় আনিছুর রহমান সিন্ডিকেটের মাধ্যমে ইজারা নেন। রুবেল মিয়া এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ক্ষিপ্ত হন আনিছুর রহমান।
এরপর গত মঙ্গলবার (২৯ এপ্রিল) চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে একটি অভিভাবক সমাবেশে প্রতিবাদ করেন রুবেল। এরপর বিকেলে রাজারহাট থানা মোড়ের মুকুল ফার্মেসিতে ডেকে এনে আনিছুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ ও ছাত্রদল নেতা জুয়েল রানা তাকে চড়-থাপ্পড় মেরে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার সময়কার একটি ৫২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আনিছুর রহমানকে বলতে শোনা যায়, “তোর কলিজা ছিঁড়ে ফেলবো। একেবারে নিশ্চিহ্ন করে দিব তোদের। চেনো বিএনপিকে?”
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই জেলা বিএনপির পক্ষ থেকে আনিছুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়। জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, “আপনার অসংলগ্ন, উত্তেজনাপূর্ণ ও শৃঙ্খলাভঙ্গকারী বক্তব্য দলীয় নীতিমালার পরিপন্থী। কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিন।”
নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই থানায় জিডি করেছেন বলে জানান রুবেল মিয়া। তিনি বলেন, “আমি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি, প্রাণনাশের হুমকি পেয়েছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই থানায় জিডি করেছি। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হব।”
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, থানায় সাধারণ ডায়রি হয়েছে। এখন ভুক্তভোগী ব্যক্তি (রুবেল মিয়া) চাইলে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সেই অনুযায়ী তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করবো।
Leave a Reply