এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ কর্তৃপক্ষের উদ্যোগে দুস্থ, অসহায় ও স্বল্প আয়ের ২০০টি পরিবারের মাঝে স্বাবলম্বী করার লক্ষ্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ সচিব মাহবুবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ অফিসের প্রশাসন কর্মকর্তা মো. মাসুদ এবং স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ তোফায়েল আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছাগল পেয়ে খুশি রাজারহাট পাইকপাড়া এলাকার বিধবা নারী রেজিয়া বেগম বলেন, “আমি বিধবা মানুষ, সংসার চালাতে খুব কষ্ট হয়। এই ছাগল দুটি পেয়ে খুব ভালো লাগছে। এগুলো লালন-পালন করে ভবিষ্যতে বাচ্চা হলে বিক্রি করে সংসারের খরচ চালাতে পারব।
একজন পায়ের প্রতিবন্ধী নারী জানান, “তিন বছর ধরে পঙ্গুত্বের কারণে কোনো কাজ করতে পারি না। ছাগল দুটি পেয়ে মনে হচ্ছে জীবনের নতুন আশার আলো দেখলাম।”
তিস্তা নদীর অববাহিকায় বসবাসরত ঘরিয়াল ডাঙ্গা ইউনিয়নের জয়নাল আবেদিন বলেন, “নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। এই ছাগল দুটি আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
উল্লেখ্য, গবাদিপশু বিতরণ কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে সহায়তা ও সুপারিশ করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
Leave a Reply