কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমানকে দলের শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও হুমকির অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১ মে) সকালে পাঠানো নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওতে দেখা যায়, আনিছুর রহমান জামায়াতের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়াকে উদ্দেশ করে বলেন,
“কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার… চেনো বিএনপিকে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিএনপির নেতৃত্বে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়।
জেলা বিএনপির পাঠানো শোকজ নোটিশে উল্লেখ করা হয়—
“ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করেছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। যা দলীয় শৃঙ্খলা, আদর্শ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।”
দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পেলে আনিছুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে আনিছুর রহমানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply