কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এ রংপুর বিভাগীয় পর্যায়ে একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রামের কৃতী শিক্ষার্থী আব্দুল্লাহ রাদ বিন রাজু। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত রংপুর বিভাগীয় প্রতিযোগিতায় সে এ কৃতিত্ব অর্জন করে। এর ফলে আব্দুল্লাহ রাদ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।
আব্দুল্লাহ রাদ রাজু আহমেদ ও নুরী আক্তার দম্পতির প্রথম সন্তান। তার এই অসাধারণ সাফল্য শুধু স্কুল নয়, পুরো এলাকার গর্বে পরিণত হয়েছে। এর আগে সে স্কুল, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।
রাদের বাবা-মা বলেন, “সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে সবচেয়ে বড় গর্বের বিষয়। আমরা চাই সে বড় হয়ে মানুষের সেবা করুক।” রাদ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে তার দাদা-দাদির মত একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার।
হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, “রাদের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার বাবা-মায়ের উৎসাহ ও সাপোর্ট ছিল চোখে পড়ার মতো। আমরা চাই সে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করুক।”
বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “রাদ এখন শুধু কুড়িগ্রামের নয়, পুরো রংপুর বিভাগের ৮টি জেলার গর্ব। এই সাফল্য তাকে আগামী দিনে আরও বড় মঞ্চে নিয়ে যাবে।”
এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন আব্দুল্লাহ রাদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি জাতীয় পর্যায়েও ভালো কিছু করার জন্য রাদকে উৎসাহ প্রদান করেন।
Leave a Reply