কুড়িগ্রাম প্রতিনিধি:
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এবিএম খায়রুল হক দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম নায়ক।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদের দোসর এবং বিচার বিভাগের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে। নইলে সারাদেশে আরও দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে।”
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ আলী, সহ-দফতর সম্পাদক অ্যাড. শাহ আলী আহমেদ, সদস্য অ্যাড. আবু সাঈদ শিথীল, অ্যাড. মোছা. শাহানাজ পারভীন, অ্যাড. হারুন অর রশিদ, অ্যাড. মো. নুর জামাল প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাড. ফখরুল ইসলাম বলেন, “এবিএম খায়রুল হক একজন কুখ্যাত চরিত্র, যিনি বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করেছেন। অবিলম্বে তার এবং তার দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।”
বক্তারা দাবি করেন, সুষ্ঠু বিচার ব্যবস্থার স্বার্থে দলীয়করণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত বিচারকদের অপসারণ এখন সময়ের দাবি।
Leave a Reply