রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম প্রতিনিধি:
বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কুড়িগ্রামে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম মডেল আইটি। “ঘরে বসে অনলাইনে আয় করুন, ফ্রিল্যান্সিং শিখুন, সাবলম্বী হোন” এই উদ্দেশ্যে সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় কুড়িগ্রামের উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম মডেল আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সেলিম সেতু, কুড়িগ্রাম মডেল আইটির পরিচালক মোঃ ইশা মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ হাফিজুর রহমান এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষক মোস্তফা তমালসহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এর ফলে দেশের বেকারত্বের হার কমবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
কোর্সটিতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার দক্ষতা অর্জন করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Leave a Reply