কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক মসলা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটে ওইদিন দুপুরে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায়। নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন (৪৪)। তিনি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত আলেপ উদ্দিন (৫১) একই ইউনিয়নের কুড়ারপাড় গ্রামের আছম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রি করতেন এবং অভিযুক্ত আলেপ উদ্দিনও স্থানীয়ভাবে ঝালমুড়ি বিক্রি করতেন। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই সম্পর্কের কারণে মাহবুল আলেপ উদ্দিনের কাছে কিছু টাকা ধার নেন। আজ আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন মাহবুল, তখন তার পথরোধ করা হয়। পরে পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই তর্কের মধ্যেই আলেপ উদ্দিন তার হাতে থাকা চাকু দিয়ে মাহবুলকে আঘাত করেন। আহত মাহবুলকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন,” এ ঘটনায় মামলা নথিভূক্ত হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে রয়েছে।”
Leave a Reply