মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সিএনবি (Child Not Bride) প্রকল্পের আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ, শতভাগ জন্ম নিবন্ধন এবং বৈধ বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে যমুনা বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষিকা সাবিনা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনটি সঞ্চালনা করেন দুর্গাপুর যুব সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম।
বক্তারা বাল্যবিয়ের নেতিবাচক প্রভাব, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭-এর মূল বিধান, জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা এবং বৈধ বিবাহ রেজিস্ট্রেশনের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন। তারা উল্লেখ করেন, জন্ম ও বিয়ের নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমেই বাল্যবিয়ে প্রতিরোধ কার্যকর করা সম্ভব।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যাতে তারা পড়াশোনায় উৎসাহী হয় এবং বাল্যবিয়ের ঝুঁকি হ্রাস পায়। শিক্ষার্থীরা নাটক, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাল্যবিয়ের কুফল তুলে ধরে দর্শকদের মাঝে সচেতনতা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর যুব সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম বলেন, দুর্গাপুর ইউনিয়নে বাল্যবিয়ে নির্মূলের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। সিএনবি প্রকল্পের সহায়তায় আমাদের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।
সবার সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply