আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। এর মধ্যেই টানা তিন রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির দাবি অনুযায়ী, জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে “ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণের” ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনারা তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উসকানি ছাড়াই গুলি চালিয়েছে। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। পাকিস্তানি সংবাদমাধ্যমেও এ নিয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি।
এর আগে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিক প্রত্যাহার এবং ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের মতো সিদ্ধান্ত রয়েছে।
চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে গোলাগুলির পুনরাবৃত্তি দুই দেশের মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
Leave a Reply