এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অগ্নিদগ্ধ দুইজনের সুচিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস দেন তিনি। পাশাপাশি অগ্নিদগ্ধ গবাদিপশুর সরকারি চিকিৎসা ও বসতঘর পুনঃনির্মাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন ইউএনও।
তিনি আরও বলেন, “আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক খাদ্য সহায়তা প্রদান করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর রাখছি। পরবর্তীতে অন্যান্য সরকারি সুবিধা দ্রুত দেওয়ার জন্যও আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ আলীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
একই সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনিছুর রহমান লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমজাদ আলী, সিরাজুল, শফিকুল ইসলাম, ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কালাম আজাদসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply