দুর্জয় হাসান, কচাকাটা প্রতিনিধি:
গতকাল রাত ১২:৫০ মিনিটে কুড়িগ্রামের কচাকাটা থানার মাদারগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রথমে কার্তিক চন্দ্রশীলের সেলুনে আগুনের সূত্রপাত হয়। কার্তিক চন্দ্রশীল জানান, তার দোকানে ১-২ লাখ টাকার জিনিসপত্র ছিল, যা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এরপর আগুন ছড়িয়ে পড়ে আব্দুল আলিমের দর্জির দোকানে, যেখানে ৪-৫ লাখ টাকার মালামাল ছিল বলে তিনি জানান। সর্বশেষ আগুন ছড়িয়ে পড়ে সোলাইমান মহাজনের গালামাল দোকানে। দোকানে তেলজাতীয় পণ্য থাকার কারণে মাত্র ৫ মিনিটের মধ্যে পুরো দোকানটি দাউদাউ করে জ্বলতে থাকে। সোলাইমান মহাজন জানান, তার দোকানে আনুমানিক ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে কল করেন। তবে নিকটস্থ নাগেশ্বরী ফায়ার স্টেশন থেকে মাদারগঞ্জ বাজারের দূরত্ব প্রায় ৪৭ কিলোমিটার হওয়ায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায়। ততক্ষণে আগুনে তিনটি দোকানই সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “এ ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে সবাইকে আরও সচেতন হতে হবে।”
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “প্রতিটি দোকানে যদি একটি করে ফায়ার সেফটি বক্স রাখা হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে আগুন নেভানো সম্ভব হবে।”
স্থানীয় বাসিন্দারা কচাকাটা বা মাদারগঞ্জ এলাকায় একটি সাব-ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান। মো. মিটন রানা বলেন, “আমাদের এলাকায় দ্রুত ফায়ার সার্ভিস ইউনিটের উপস্থিতি নিশ্চিত করতে কচাকাটায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি।”
স্থানীয়দের মতে, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এমন ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব।
Leave a Reply