পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ব্যবসায় শিক্ষা বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাবিপ্রবির আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম জানান, কেন্দ্রটিতে মোট ১১৮১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ১১২৪ জন পরীক্ষায় অংশ নেন। যা ৯৫.১৭ শতাংশ উপস্থিতি নিশ্চিত করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন, হালকা নাস্তা ও মহিলা অভিভাবকদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করে। এছাড়া পরীক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন সক্রিয়ভাবে কাজ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইনশৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ড. কামরুজ্জামান খান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও রোভার স্কাউট যৌথভাবে কাজ করেছে।
পরীক্ষা শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, “এবারের ‘সি’ ইউনিট পরীক্ষায় সারাদেশে ২৩ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। উত্তরাঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আমরা আশাবাদী, পরবর্তী ইউনিটগুলোর পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হবে।”
উল্লেখ্য, ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা ৯ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ৯ মে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
Leave a Reply