রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বন্দের মোড় থেকে আনন্দবাজার হয়ে তেলির মোড় পর্যন্ত প্রায় ২ হাজার মিটার রাস্তার উন্নয়নকাজ এক বছর ধরে বন্ধ রয়েছে। এতে অন্তত ২৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের আওতায় ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এর অধীনে ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে এই সড়কের উন্নয়নের জন্য কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ফোর কিং ব্রাদার্স। ২০২৪ সালের এপ্রিল মাসে কাজ শুরু হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, পুরনো হেরিংবোন সড়ক তুলে খোয়া ফেলার পর থেকেই কাজ বন্ধ রয়েছে। এতে রাস্তার ধুলা ও বালিতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি রৌমারীর অন্যতম ব্যস্ততম সড়ক। কিন্তু বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ ব্যাপারে ঠিকাদার সুজাউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রৌমারী উপজেলা প্রকৌশলী মুনছুরুল ইসলাম বলেন, “ঠিকাদারকে কাজ দ্রুত সম্পন্ন করার জন্য চিঠি দেওয়া হয়েছে।”
Leave a Reply